কবিতা- মনে ভাসছে পূজার রঙিন দিনগুলি
কবিতা- মনে ভাসছে পূজার রঙিন দিনগুলি
সুমিতা চৌধুরী
পূজো আসছে, মনে ভাসছে,
সেই রঙিন দিনের ছবি।
শিউলি, কাশের ভরা জলসায়,
শরতের সাদা মেঘের ভেলায় আলোকোজ্জ্বল রবি।
মনেই বাজে ঢাকের বাদ্যি,
ঢ্যাং কুড়কুড় তা,
কাঁসর, ধুনুচি, শঙ্খধ্বনি,
বছর ঘুরে আসে যে মা।
আড্ডা, গল্পের জমাটি আসর
প্রাণের উৎসব মাঝে,
শত ব্যস্ততায় নেই ফুরসৎ
সকল থেকে সাঁঝে।
উমার অভ্যর্থনায় সাজে মণ্ডপ,
পথও সাজে আলোর রোশনিতে।
লোকে লোকারণ্য পথ-ঘাট সব,
শারদীয়ার মিলনমেলায় সবাই ওঠে মেতে।
পাটভাঙা শাড়ি, আনকোরা পাঞ্জাবি,
হাল ফ্যাশনের কেতায় সেজে,
অঞ্জলি, সন্ধিপুজো,ধুনুচি নাচের আসরে,
রয় সবার মন মজে।
আজও পূজো এসেছে আবার,
তবু নেই মনে আনন্দ-উৎসবের রেশ।
শুধু ভাসছে মনে অতীতের
সেই প্রাণঢালা দুর্গোৎসবের আবেশ।।

Comments
Post a Comment