আয়না
আয়না
ইরিনা চক্রবর্তী
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল
রাতের আলো- আঁধারিতে নজরে পড়লো এক মূর্তি
পূর্ণ অবয়ব নয়, আবছায়া মুখ
আমার মুখের উপর ঝুঁকে পড়েছে
ভয়ের আড়ষ্টতা কাটিয়ে অবাক চোখে চেয়ে দেখি -
এতো আমি ! এও কি সম্ভব !!
স্বপ্ন, সত্য, নাকি ...
নিষ্পাপ দুটি চোখ শিশুর সারল্য নিয়ে
কি যেন খুঁজছে
চিনে নিতে চাইছে হয়ত !
আর সেই দৃষ্টির সামনে কেন যেন
দুমড়ে মুচড়ে কুঁকড়ে যাচ্ছি আমি
চোখে চোখ রাখতে পারছি না ।
এমন কোনো আয়নার সামনে দাঁড়াইনি তো কখনো আগে !
অন্ধকারের আলোয় প্রকট
বিকৃত মনুষ্যত্ব,
স্বার্থের বিষে নীলাভ অস্তিত্বের ঔদ্ধত্য ।
বৈভবের বিচ্ছুরণ
ওই দৃষ্টির ঊজ্জ্বলতায় বড় ম্লান দেখালো।
অনুভূতির তীব্রতায় অসাড় হল মন, নিথর শরীর ।
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল, আবারও।
ক্লান্ত অবসন্ন মন
ভোরের আলোর নরম স্পর্শে ভরসা পেল।
স্বপ্নই ছিল, দুঃস্বপ্ন ! একরাশ অবজ্ঞা ফুটে উঠল চোখেমুখে !
আর ঠিক তখনই,
হৃদয়ের অন্তরালে শব্দতরঙ্গের প্রতিধ্বনি -
স্বপ্নই ছিল? সত্যিই স্বপ্ন ?

Comments
Post a Comment